নেত্রকোণায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির আঙিনার চালা থেকে নিচে পড়ে যান আকাশ।
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বাড়ির আঙিনায় থাকা গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম।
নিহত আকাশ মিয়া (২৭) ওই গ্রামের বাচ্চু মিয়ার একমাত্র ছেলে।
স্বজনদের বরাতে পুলিশ জানা যায়, সকালে নিজ বাড়ির বারান্দার টিনের চালায় উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালা থেকে নিচে পড়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পার্থ সরকার বলেন, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। যেহেতু ঘটনাটি বারহাট্টা থানার এলাকায় ঘটেছে, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা বারহাট্টা থানা গ্রহণ করবে।
শুক্রবার দুপুরে বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, আকাশের লাশ এখনো মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
