১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

২০১২ সালের ৪ ডিসেম্বর ঝগড়ার এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে ডলিকে কুপিয়ে জখম করা হয় বলে জানান পিপি।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 05:20 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

মেহেরপুর শহরে দাবি করা যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা মামলায় তার স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন।

দণ্ড পাওয়া সাজু হোসেন শহরের নতুনপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার বরাতে পিপি তুহিন বলেন, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে সাজু হোসেনের সঙ্গে তার স্ত্রী ডলি খাতুনের ঝগড়া হয়। এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে ডলিকে কুপিয়ে জখম করেন সাজু। 

তাকে আশঙ্কাজনক অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ডলিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ৭ ডিসেম্বর ডলি মারা যান।

এ ঘটনায় ডলির মা শেফালি খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় সাজুর বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান পিপি।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সাজুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তুহিন।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এ কে এম শফিকুল আলম।