১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্নতা ও অবৈধ লোগো ব্যবহারে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 05:09 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গা সদরের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার ফার্ম পাড়া ও বেলগাছি রেলগেট এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

তিনি বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করায় দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে হারুন অর রশিদের প্রতিষ্ঠান মেসার্স নূর ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা এবং বিটু ইসলামের প্রতিষ্ঠান মেসার্স সাকিল চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।