Published : 21 Mar 2026, 04:20 PM
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল গাছে ধাক্কা খেয়ে এক তরুণের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী (১৮) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা স্বপনের ছেলে।
সে চুয়াডাঙ্গা বড় বাজারের আলী হোসেন মার্কেটের শাহীন ইলেকট্রিক দোকানে কর্মরত ছিল।
আহত আরেক মোটরসাইকেল আরোহী হৃদয় পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, ঈদের দিন দুই বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পথে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, “হাসপাতালে আনার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।