১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শার্শায় কভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 11:09 AM

Updated : 26 Aug 2026, 03:35 PM

যশোরের শার্শা উপজেলার কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। 

সোমবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল বাজারের কাছে কেবি ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে যশোরের নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানিয়েছেন। 

নিহতরা হলেন- শার্শার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

ওসি গোপাল কর্মকার বলেন, “শাহিন হোসেন নিজের ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়।

“এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল নিহত হন।”

দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী কভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, কভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ।