Published : 03 Jul 2026, 05:12 PM
নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র দুপক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কায় জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে।
এদিকে ১৪৪ ধারা জারির বিষয়টি স্থানীয় লোকজনকে জানাতে শহরজুড়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলছেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার পুলিশ কাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
১৪৪ ধারা জারির আদেশে বলা হয়, বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকা পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জলঢাকা থানার ওসি উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। তাই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
১৪৪ ধারা কার্যকর থাকাকালে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা তার অধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে বলেও আদেশে জানানো হয়েছে।
এ বিষয়ে জলঢাকার ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেটি ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
তিনি বলেন, জনসাধারণের কোনো ধরনের যাতে সমস্যা না হয়, সেজন্য মাইকিং করে ১৪৪ ধারা জারির ব্যাপারে সবাইকে অবগত করা হচ্ছে।