হাতিয়ায় ঈদের আগেই নতুন ফেরি: প্রতিমন্ত্রী
নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোরবানির ঈদের আগেই নতুন ফেরি চালু করা হবে এবং ঘাটের প্রয়োজনীয় কাজ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার হাতিয়ার চেয়ারম্যানঘাট ও নলচিরা ঘাট পরিদর্শন করে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সে লক্ষ্যেই বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”
তিনি বলেন, নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং করা হচ্ছে। ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র্যাম্প উন্নয়ন করা হচ্ছে এবং নদীর তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কাজ চলছে।
রাজীব আহসান বলেন, নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তারেক এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান নোমান।
