ঈদের ছুটি: নিজের এলাকায় রোগী দেখছেন মন্ত্রী জাহিদ
“তারা নিজের চিকিৎসার কথা জানাতে এসে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটাও সমাধান দিতে হচ্ছে আমাকে।”
চিকিৎসার পাশাপাশি রাজনীতি করে মন্ত্রী হওয়া অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ঈদের ছুটিতে নিজের নির্বাচনি এলাকা দিনাজপুরে রোগী দেখছেন।
রোববার সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত সেবাদানের পর সোমবারও তিনি পৈত্রিক বাড়ি নবাবগঞ্জের মতিহারা গ্রামে বসছেন।
ইউরোলজিস্ট জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টা থেকে বাড়ির সামনে রোগীর ভিড়। লম্বা লাইনে তারা। কারো সর্দি-কাশি, কারো জ্বর, কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, কারো ইউরোলজিক্যাল সমস্যা, কেউ নিউরো সমস্যা আক্রান্ত, কেউ হৃদরোগে আক্রান্ত—এরকম নানা রোগে আক্রান্তরা আসছেন।
“গ্রামের সহজ-সরল মানুষজন। আমি গতকাল সন্ধ্যায় বাড়ির আঙিনায় রোগী দেখতে বসেছি, রাত ৩টা পর্যন্ত রোগী দেখেছি। আজকে সকাল ১০টায় বসেছি…রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছি। রোগের ধরন দেখে বলছি, এখানে যেতে হবে, এই এই পরীক্ষাগুলো করতে হবে।”
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, “গ্রামের এই পরিবেশে আমার ঈদের ছুটি কাটছে। গ্রামের সহজ-সরল মানুষগুলোর চিকিৎসা সেবা দিতে পেরে ভালো লাগছে। তারা নিজের চিকিৎসার কথা জানাতে এসে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটাও সমাধান দিতে হচ্ছে আমাকে।
“ঈদের দিন রাষ্ট্রীয় কর্মসূচিতে ঢাকায় ছিলাম। প্রধানমন্ত্রীর সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে ছিলাম। এরপর প্রধানমন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গ্রামে এসেছি। রাতে আবার ঢাকায় ফিরে যাব।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক জাহিদ হোসেন। বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর নিয়ে গঠিত আসনটির মানুষ কৃষির ওপর নির্ভরশীল। জাহিদ হোসেনের পৈত্রিক নিবাস মতিহারা গ্রাম হলেও তার জন্ম, বেড়া ওঠা ও পড়াশোনা ময়মনসিংহে।
মন্ত্রী জাহিদ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং বাংলাদেশের মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শীর্ষ পদে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।
