১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে সড়কের পাশে নারীর মরদেহ: পুলিশের ধারণা, গাড়ির ধাক্কায় মৃত্যু

“ওই নারীকে স্থানীয়রা গত কয়েকদিন ধরে মহাসড়কের পাশে উদ্দেশ্যেহীনভাবে ঘোরাফেরা করতে দেখেছে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 06:57 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

বরিশালের বাবুগঞ্জে মহাসড়কের পাশ অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন। 

ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা জায়নি। তবে তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা পুলিশের।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি শাখাওয়াত বলছেন, “সকালে স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের একটি গভীর খাদে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে তিনি সড়কের পাশের খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

“স্থানীয়রা গত কয়েকদিন ধরে ওই নারীকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেছেন। তার আচরণ দেখে স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং নিহতের পরিচয় সনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।