Published : 09 Jan 2026, 12:17 AM
কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কে উল্টে যাওয়ার পর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন।
দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন- ফেনীর ফুলগাজী থানার উত্তর আনন্দপুর এালাকার মজিবুল হকের ছেলে ৩৪ বছর বয়সী সাইদুল হক মজুমদার এবং নোয়াখালীর চর ফকিরার আবুল বাশারের ছেলে ১৬ বছর বয়সী মো. আরমান হোসেন।
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাশের হাসপাতাল গুলোতে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ইলিয়টগঞ্জ হাইয়েও থানার এসআই মো. ফজলুর রহমান বলেন, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়।
এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে।
আহত অন্তত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা।
এসআই ফজলুর রহমান বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।