১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিআই স্বীকৃতি পেল মানিকগঞ্জের ‘হাজারী গুড়’

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন জেলা প্রশাসক রেহেনা আক্তার জিআই সনদের জন্য আবেদন করেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 11:11 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

ভৌগোলিক নির্দেশক-জিআই সনদ পেয়েছে মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ‘হাজারী গুড়’।

সোমবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এ নিবন্ধন সনদ ইস্যু করা হয়। 

মঙ্গলবার রাতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “জিআই সনদ পাওয়ার কারণে মানিকগঞ্জ জেলার ঐতিহ্য এ পণ্যের স্বকীয়তা আন্তর্জাতিকভাবে সুরক্ষিত হয়েছে। এ কারণে ভবিষ্যতে রপ্তানি বাজার সম্প্রসারণ হবে।”

এই গুড় তৈরির পরিবারের সদস্য শামিম হাজারী বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন জেলা প্রশাসক রেহেনা আক্তার জিআই সনদের জন্য আবেদন করেন। ৫ অগাস্ট পরবর্তীতে জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা, বর্তমান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাও বিষয়টি নিয়ে কাজ করেছেন। 

তিনি বলেন, হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের বিশেষ করে শিকদারপাড়া (হাজারী পল্লী), গোপীনাথপুর ইউনিয়ন, গালা ইউনিয়ন ও শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নে ৩০-৩৫টি পরিবার হাজারী গুড় তৈরি করে। এ গুড় এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। লোভনীয় স্বাদ আর মন মাতানো সুগন্ধে অতুলনীয় হাজারী গুড়ের ঐতিহ্য প্রায় ২০০ বছরের। 

জিআই নিবন্ধন সনদে বলা হয়েছে, ভৌগোলিক নির্দেশক নিবন্ধন বইতে ‘জেলা প্রশাসক, মানিকগঞ্জ’ এর নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ পণ্যের জন্য ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি থেকে নিবন্ধিত হয়েছে।

শিকদার পাড়ার বাসিন্দা হাজারী গুড়ের কারিগর মিজানুর রহমান গাছি ও সাত্তার গাছি বলেন, এ ধরনের স্বীকৃতিতে তারা আনন্দিত। আরও মানসম্মত ও ভালো গুড় তৈরির আশাবাদ ব্যক্ত করেন তারা।