Published : 17 Apr 2026, 06:51 PM
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত সোমবার এক নোটিশে বলা হয়, বগুড়া সিটি করপোরেশন ও শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব রোববার প্রাক-নিকার সচিব কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়ন নিয়ে মোকামতলা উপজেলা গঠনের পরিকল্পনা রয়েছে। এর আয়তন হবে প্রায় ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রাক-নিকার সভায় প্রস্তাবটি অনুমোদন হয়েছে। উপজেলা কমপ্লেক্স কোথায় হবে তা নিয়ে আলোচনা চলছে, সবাইকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী নেতারা মোকামতলাকে উপজেলা করার উদ্যোগকে দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হিসেবে স্বাগত জানিয়েছেন।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান মোকামতলাতে উপজেলা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আবেদন করেন। প্রস্তাবটি চূড়ান্ত হলে মোকামতলা হবে বগুড়া জেলার ১৩তম উপজেলা।