১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে ‘অধ্যক্ষের ঘুষিতে’ ভাঙল কম্পিউটার অপারেটরের ২ দাঁত

“আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। এটা আমার ভুল হয়েছে।”

ঝালকাঠিতে ‘অধ্যক্ষের ঘুষিতে’ ভাঙল কম্পিউটার অপারেটরের ২ দাঁত
কম্পিউটার অপারেটর ওহিদুজ্জামান সিয়াম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 02:18 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকায় ‘প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে’ এ ঘটনা ঘটে।

আহত কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান বলেন, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান গত বছরের কোরবানির পর তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত চাইলে কয়েক মাস ধরে গড়িমসি করেন।

পরে প্রায় তিন মাস আগে ধার করা টাকা পরিশোধ করা হলেও এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলতে থাকে বলে তিনি দাবি করেন।

ওয়াহিদুজ্জামানের অভিযোগ, “এ ঘটনা সহকর্মীদের মধ্যে জানাজানি হলে ক্ষুব্ধ হন অধ্যক্ষ। হাফিজুর রহমান সোমবার আমাকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে যায়। পরে টাকা ধার নেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে উত্তেজিত হয়ে আমার মুখে কয়েকটি ঘুষি মারেন।

“এতে আমার দুই দাঁত ভেঙে পড়ে এবং আমি রক্তাক্ত হই। পরে সহকর্মীরা আমাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন“

অভিযোগের বিসয়ে জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, “আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। এটা আমার ভুল হয়েছে। আমি দুঃখিত।”

তিনি বলেন, “বিষয়টি কলেজ পরিচালনা কমিটির মাধ্যমে নিষ্পত্তি করা হবে।”

এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এসএম সুলতান মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।