নওগাঁয় বিএনপি ও সিপিবির ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নওগাঁ-দুই আসনে শামসুজ্জোহা খান, চারে এস এম ফজলুর রহমান, পাঁচে জাহিদুল ইসলাম ধলু, ছয়ে রেজাউল ইসলাম রেজু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে নওগাঁয় বিএনপির তিনজন এবং সিপিবির এক প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে রোববার বিকাল ৫টায় জেলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-২ (পত্নীতলা-ধামুইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জোহা খান।
এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, খায়রুল ইসলাম গোল্ডেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিকালে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়া নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী ডা. এস এম ফজলুর রহমান মান্দা উপজেলা কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আকতার জাহান সাথীর কাছে মনোনয়ন জমা দেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।
নওগাঁর ছয়টি আসনে রোববার পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি, সিপিবি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের এবং স্বতন্ত্র মোট ৪৯ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
