রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ দুজন গ্রেপ্তার
তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।
ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একাধিক মামলার আসামি মঞ্জু তার দলবল নিয়ে চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও শর্টগানের দুইটি কার্তুজ জব্দ করা হয়।
ওসি শেখ মঈনুল বলেন, মনজুর মিয়ার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে এবং শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ চারটি মামলা রয়েছে।
এবিষয়ে অস্ত্র আইনে মামলার পর আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
