Published : 25 Jul 2026, 11:27 PM
সরকার ‘ফ্যাসিবাদের’ পথে হাঁটা করেছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, “আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন, আজ যারা সরকারে আছেন। তারা আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন।
“সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা মানব না, আমরা কিছুতেই মানব না। হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাড়াবে।”
শনিবার বিকালে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে রাজশাহী থেকে শুরু হওয়া এই জোটের বিভাগীয় সমাবেশের সমাপনী আয়োজন ছিল সিলেটে।
সরকারকে জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমীর বলেন, “ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন। যদি না মানেন, তাহলে দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়।
“আমরা শহীদদের সঙ্গে বেইমানি করব না। জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না। আমরা জীবন দিয়ে হলেও কথা রাখব। সেই লড়ায়ের জন্য প্রস্তুত হোন সিলেটবাসী। আপনাদের ডাক আসবে; মুক্তি না হওয়া পর্যন্ত আমরা থামব না।”

সিলেটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, “সিলেটের কিছু ন্যায্য দাবি যুগ যুগ ধরে ঝুলে আছে, বাস্তবায়ন হচ্ছে না। একটা প্রবাসী বহুল এলাকা হিসেবে নামে মাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখনও তা পূর্ণাঙ্গতা পায়নি।
“সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করুন। সিলেটের রাস্তাটি দীর্ঘদিন ধরে নাড়াচাড়া হচ্ছে, কিন্তু তার কূল-কিনারা হচ্ছে না। আমরা সংসদে বলেছি, সমুদ্রের ঢেউ দেখতে বঙ্গোপসাগরে যাওয়ার প্রয়োজন নেই, ঢাকা থেকে সিলেট এলেই তা বোঝা যায়।”
ঢাকা-সিলেট মহাসড়কের সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানান জামায়াতে ইসলামীর আমীর।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান অলি আহমদের সভাপতিত্বে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম চান বক্তব্য দেন।