Published : 25 Jan 2026, 05:45 PM
জামালপুরের দেওয়ানগঞ্জে তিনদিন আগে নিখোঁজ এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আখ ক্ষেতে পাওয়া মরদেহটির কিছু অংশ কোনো প্রাণি খেয়ে ফেলায় বিকৃত হয়ে পড়েছিল।
রোববার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামের একটি আখ ক্ষেত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মনসুর আহমদ।
নিহত আপেল মিয়া (২৭) বাহাদুরাবাদ এলাকার ফতর আলীর ছেলে।
তার বড় ভাই আফিজল মিয়া বলেন, শনিবার রাতে নিজের ইজিবাইক নিয়ে দেওয়ানগঞ্জের বেলতলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আপেল। এরপর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
পরে তাকে খুঁজে না পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তারা। পরে রোববার দুপুরে একটি আখ ক্ষেতে তার মরদেহ পাওয়ার খবর পান তারা।
মরদেহটি কোনো হিংস্র প্রাণি খেয়ে ফেলায় মুখ ও শরীরের এক তৃতীয়াংশ বিকৃত হয়ে গেছে বলেও জানান তিনি।
ওসি মনসুর আহমদ বলেন, আপেল মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।