২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

ইজিবাইক ছিনতাই করতে চালককে হত্যার পর লাশ ভৈরব নদে ফেলে দেওয়া হয় বলে ধারণা পুলিশের।

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার
নিহত ইমন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 09:35 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের অভয়নগর উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর এক ইজিবাইক চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা সদরের বসুন্দিয়ার সাদুল্যাপুরে ভৈরব নদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।

নিহত ইমন (১৯) অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পুড়াটাল গ্রামের আবুল কালামের ছেলে।

আটকরা হলেন- যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের রাকিব হোসেন ও অভয়নগর উপজেলার শুভরাঢ়া গ্রামের মিরাজ শেখ।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, সকালে ভৈরব নদে বস্তাবন্দী একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে জানা যায় মরদেহটি দুই দিন আগে নিখোঁজ ইজিবাইক চালক ইমনের। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইজিবাইক ছিনতাইয়ের জন্য ইমনকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

ইমনের বাবা আবুল কালাম জানান, ২৮ এপ্রিল ভোর ৬টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। রাতে আর বাড়ি ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। 

স্ট্যান্ডে খোঁজ নিলে অন্য চালকরা জানান, সবশেষে বসুন্দিয়ার দিকে ভাড়া নিয়ে ইমনকে যেতে দেখেছেন তারা। এ ঘটনায় অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।