১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরগুনার তিন চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

তিন চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার করা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন কিশোরী।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:01 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

বরগুনার তালতলী উপজেলা চেয়ারম্যান, দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক ব্যক্তি। 

বুধবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহাবুবুল আলম বারী বলেন, মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী জেলা পিবিআইকে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক মো. মশিউর রহমান খাঁন।

আসামিরা হলেন- বরগুনার তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল কবির জোমাদ্দার, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু। 

মামলায় বাদী বলেন, তার ১৭ বছরের মেয়ে তিন চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার করা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে আছেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ধর্ষণের পাশাপাশি আপত্তিকর ভিডিও ধারণ, সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন।

ধর্ষণের ঘটনায় মামলা করার হুমকি দিলে আসামিরা উল্টো কিশোরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের মামলা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তালতলী উপজেলা চেয়ারম্যান মো. রেজবি উল কবির জোমাদ্দার।

তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এ মামলা দায়ের করেছে। এ ঘটনার সঙ্গে আমি ও অন্য দুই চেয়ারম্যানের কোনো সংশ্লিষ্টতা নেই। আমি আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করব।”