১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির সাবেক পিআইওর কারাদণ্ড

রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী পলাতক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 05:48 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে কারাদণ্ড দিয়েছে আদালত।  

ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা আসামিকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বলে বৃহস্পতিবার দুপুরে মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা শান্ত জানান।

রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির মামলা করেন। 

চেক জালিয়াতি ছাড়াও নলছিটি উপজেলায় কর্মরত থাকাকালে ২০২১-২০২২ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘর না বানিয়ে বরাদ্দ করা পুরো টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

চলতি বছরের ২৪ এপ্রিল একটি চেক প্রতারণা মামলায় বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের একটি বাসা থেকে বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করে পুলিশ। একদিন পর তিনি জামিন নিয়ে পলাতক হন বলে আইনজীবী জানান। 

তিনি বলেন, পাঁচ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

এ বিষয়ে বক্তব্য জানতে বিজন কৃষ্ণ খরাতীর ব্যবহৃত মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।