গাজীপুরে পোড়ামুখ হনুমান-টিয়াসহ গ্রেপ্তার ৫
পুলিশ তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা দায়ের করেছে।
গাজীপুরে তিনটি পোড়ামুখ হনুমান ও ১৫টি টিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের চোরাচালানকারী বলছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুদ্দিন সাংবাদিকদের এসব জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ খবর পায়, বৃহস্পতিবার গাজীপুর মহানগরের বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় হনুমান ও বিরল প্রজাতির ১৫টি টিয়া পাখি বিক্রি ও পরিবহনের চেষ্টা করছেন কয়েকজন পাচারকারী।
পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনটি পোড়ামুখ হনুমান ও ১৫টি টিয়া পাখিসহ তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে আরো দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুরের মো. মনজুরুল হক (৬০), শেরপুরের মো. লাল মিয়া (৩০), বরিশালের জহিরুল ইসলাম (৪০), বরগুনার মোহাম্মদ মোফাসসেল (৩৫), গাড়িচালক বাগেরহাটের মোহাম্মদ জাকির হোসেন (৫৯)।
পুলিশ তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাসন থানায় মামলা দায়ের করেছে।
হনুমানগুলো গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবং টিয়া পাখিগুলো ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বাউপাড়া বিটের কর্মকর্তা মো. আবুল কালাম শামসুদ্দিন।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. ফাহিম আসজাদ, বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক।
