১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল

এই আসনে উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়নও বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 04:23 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী’) উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়নও বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলস বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় কিশোরগঞ্জের তিনটি আসনে ১০ জনের প্রার্থিতা বাতিল করা হয়। তিনটি আসনে মোট ২৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, মামলা সংক্রান্ত তথ্য গোপন করার কারণে শেখ মুজিবুর রহমান ইকবাল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণে হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এ ছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র দাখিল করা জেলার একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমার মনোনয়নপত্রও এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণে বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া বাকি সাত প্রার্থীর অধিকাংশই স্বতন্ত্র।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। 

রোববার কিশোরগঞ্জের বাকি তিনটি আসনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।