Published : 23 Oct 2025, 07:55 PM
প্রতিষ্ঠার প্রায় সাত বছর পর চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ চলছে।
৩০ একর জমি অধিগ্রহণের জন্য সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ডাকাতিয়া নদীর পাড়ে জমির শ্রেণি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।
বৃহস্পতিবার দুপুরে সদর বাগাদি ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্ব দিকে দেওয়ানবাড়ি পর্যন্ত এসব জমি পরিদর্শন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল বলেন, “এর আগেও জমির শ্রেণি সঠিক আছে কিনা দেখা হয়েছে। আমাদের নিজস্ব সার্ভেয়ারদের মাধ্যমে এখন আবার অধিকতর যাচাই করা হলো। কারণ এরসঙ্গে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আর্থিক বিষয় জড়িত রয়েছে।
তিনি বলেন, “যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। এরপর তৈরি করা হবে প্রাক্কলন। দ্রুত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে এবং আমরা দুটি মৌজায় মেডিকেলের জন্য এখানে ৩০ একর জমি অধিগ্রহণ করব।”
চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও সহকারী প্রকল্প পরিচালক হারুন অর রশিদ বলেন, “২০১৮ সালে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। চাঁদপুর সদর হাসপাতালে বর্তমানে মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালনা হচ্ছে। এর মধ্যে দুটি ব্যাচ চিকিৎসক হয়ে বেরিয়েছেন। এতে করে জেলা ও আশপাশের এলাকার অনেক রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন।”
তিনি আরও বলেন, “জমি অধিগ্রহণের জন্য চূড়ান্ত পর্যায়ে শ্রেণি যাচাই-বাছাই কাজের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। মেডিকেলের অবকাঠামো নির্মাণ হলে শিক্ষার্থীদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি।