Published : 09 Mar 2026, 04:21 PM
পেট্রোল পাম্পগুলোতে দেখা দেওয়া সাময়িক সমস্যা বড় কোনো সংকট নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেছেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলে যে সমস্যার কথা বলা হচ্ছে, সে কারণে পেট্রোল পাম্পগুলোতে যে সমস্যা দেখা দিয়েছে, এটা কোনো সমস্যা না। পর্যাপ্ত পরিমাণ পেট্রোল সরকারের কাছে মজুদ আছে। পর্যায়ক্রমে তা দেওয়া হবে।”
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান।
তিনি বলেন, “কেউ আছে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মজুদ করার চেষ্টা করছে। এমনটি কোনো ভাবেই কাম্য নয়। এমন খবর রাজধানীতে শোনা যাচ্ছে বেশি।
“তবে যেহেতু সংকট দেখা দিয়েছে, তাই সকলকে সচেতন হতে হবে। সংকট নিরসনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ফুলবাড়িয়ার সংসদ সদস্য কামরুল হাসন মিলন, গফরগাঁও আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্ছু, হালুয়াঘট আসনে সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ফুলপুর আসনের সংসদ সদস্য মাহমুদুল্লাহ ও পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।