Published : 06 Mar 2026, 09:13 PM
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক প্রেক্ষাপটে এ তেলের পাচার রোধে যশোর সীমান্তে টহল, তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।
সেইসঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করার কথা জানিয়েছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি।
বিজিবি জানায়, বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। এ সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত কিংবা পাচারের চেষ্টা চালায়।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বেনাপোল স্থলবন্দরসহ জেলার শার্শা ও চৌগাছা সীমান্তে তেল পাচার রোধে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিশেষ করে যেসব পথ দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বেনাপোল স্থলবন্দর গেইটে দেশি এবং মালবাহী ভারতীয় ট্রাকে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ বলেন, সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধিসহ বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। এ ছাড়া সীমান্ত পথে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
তিনি বলেন, নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপরও কঠোর নজর রাখা হচ্ছে।
দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
এদিন ঢাকায় সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি পর্যালোচনা সভায় জ্বালানি তেল পাচার রোধে বিজিবিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। সেইসঙ্গে জেলা প্রশাসন এবং পুলিশকেও পদক্ষেপ নিতে বলা হয়।