ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ রক্ষায় ছাড়লেন চেয়ারম্যান পদ
বিএডিসি ও বিসিআইসির ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না, সরকারের এমন নির্দেশের পর পদত্যাগ করেন ইউপি চেয়ারম্যান।
কৃষি মন্ত্রণালয়ের জারি করা নির্দেশের পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিএডিসির সারের ডিলারশিপের রক্ষা করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এক ব্যক্তি।
শনিবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগম।
পদত্যাগ করা আতিকুর রহমান বকুল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার পদত্যাগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।
ইউএনও খাতিজা বেগম বলেন, “বৃহস্পতিবার আতিকুর রহমান বকুল আমার কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন।”
পদত্যাগের কারণ জানতে চাইলে বকুল বলেন, “২৫ নভেম্বর সরকারের পক্ষ থেকে সারের ডিলারশিপ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। জনপ্রতিনিধি থাকলে ডিলারশিপ বাতিল হয়ে যাবে। এ নিয়ম কার্যকর হবে ৭ ডিসেম্বর থেকে।
“ঠাকুরগাঁওয়ে ২০ বছর ধরে বিএডিসির সারের ডিলারশিপ নিয়ে ব্যবসা করে আসছি। আমি এ ডিলারশিপ হারাতে চাই না। এজন্য স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার চেয়ারম্যান পদের মেয়াদ বাকি ছিল মাত্র এক বছর।”
ইউএনও খাতিজা বেগম বলেন, “ইউপি চেয়ারম্যান বকুল স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমি আবেদনটি ডিডিএলজি বরাবর পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া ইউনিয়নের জনগণ যাতে সেবাবঞ্চিত না হয়, সেজন্য প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
২০২১ সালের ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নয় হাজার ৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আতিকুর রহমান বকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান সাত হাজার ২০০ ভোট। ২০২২ সালের ১ জানুয়ারি চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন বকুল।
