১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে আটকা পড়া উপবন এক্সপ্রেস ট্রেন উদ্ধার করা হয়।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 10:24 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আগুন ধরে বিকল হয়ে গেছে। এতে তিন ঘণ্টা সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল। 

মঙ্গলবার সকাল ৬টায় দিকে উপজেলার শমশেরনগর রেলস্টেশনের অদূরে পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে বলে জানান শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাগর কুমার সিংহ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরণের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শ্রীমঙ্গল রেল স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, উপবন এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। এতে উপবন ছাড়াও আটকা পড়েছিল সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কালনি এক্সপ্রেস ট্রেন। 

সহকারী স্টেশন মাস্টার সাগর কুমার সিংহ বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে আটকা পড়া উপবন এক্সপ্রেস ট্রেন উদ্ধার করা হয়। পরে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেখে সকাল ৯.১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

পরবর্তীতে বিকল্প ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।