Published : 10 May 2026, 09:55 AM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।
রোববার ভোর ৪টার দিকে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন।
নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী বলছে, একটি পিকআপ ভ্যান নিয়ে ১১ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র আবু বক্কর সিদ্দিকের বাড়ির গোয়ালঘরে হানা দেয়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করেন।
এক পর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে পিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পিকআপ ভ্যানে আগুন দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে কালিয়াকৈর ফায়ার স্টেশরন সিনিয়র লিডার মাসুদ রানা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আগুন নেভাতে গেলে এলাকাবাসী বাধা দেয়। এ কারণে আগুন না নিভিয়েই আমাদের ফিরে আসতে হয়। আগুনে পিকআপ ভ্যানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।”
নিহত তিনজনের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন।