১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে বিএনপির কর্মীসভায় হামলা-ভাঙচুর, আহত অন্তত ৭

হামলার সময় ব্যাপকভাবে চেয়ার ভাঙচুর ও লাঠিপেটা করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2024, 09:24 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির এক দলের কর্মীসভায় হামলার অভিযোগ উঠেছে দলটির আরেকটি পক্ষের বিরুদ্ধে।

এ সময় সভাস্থলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলায় আহত হয়েছেন অন্তত ৭ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বিকালে উপজেলার লালন বাজারে এ ঘটনা ঘটে বলে হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রউফ জানান।

আহতদের মধ্যে মন্টু হোসেন নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকিদের ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু কর্মীসভার আয়োজন করে। পাশে জটার খাল এলাকায়  প্রতিপক্ষ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা পাল্টা সমাবেশের আয়োজন করে। দুই সমাবেশ নিয়ে কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

“বিকাল ৪টার দিকে জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা প্রতিপক্ষের সমাবেশে হামলা করে। এ সময় ব্যাপকভাবে চেয়ার ভাঙচুর ও লাঠিপেটা করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়।”