সাম্য হত্যার ‘তদন্তে গাফিলতি’, চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা সাম্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ-বিক্ষোভ করেছে ছাত্রদল।
রোববার দুপুরে কলেজ গেটের সামনে এ কর্মসূচি পালন করে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল।
এ সময় বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আল শামীম, সাধারণ সম্পাদক মো. আমির হাসান জীবন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আনোয়ার।
বক্তারা বলেন, সাম্য হত্যার ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। মোটরসাইকেল সংঘর্ষে বাকবিতণ্ডার মত তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ড অবিশ্বাসযোগ্য। এর পেছনে আরও রহস্য আছে।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান বক্তারা।
মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।
আরও পড়ুন:
