আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবার আগরবাতি আমদানি
প্রতি টন আগরবাতির মূল্য এক হাজার ২০০ ডলার করে পড়েছে বলে জানান ব্যবসায়ী।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মত আগরবাতি আমদানি করা হয়েছে।
রোববার দুপুরে একটি ট্রাকে করে চার টন আগরবাতি বাংলাদেশে প্রবেশ করে; প্রতি টনের মূল্য পড়েছে এক হাজার ২০০ ডলার। সোমবার এসব মাল খালানের সম্ভাবনা রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আক্তার হোসেন বলেন, দেশে চাহিদা থাকায় আগরবাতি আমদানি করেছেন তিনি। চাহিদা থাকলে পরবর্তীতে আরও আনা হবে।
আগরবাতির কাগজপত্র যাচাই ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষে সোমবার খালাস হতে পারে বলে জানান সি অ্যান্ড এফ-এর এই এজেন্ট।
