Published : 08 Aug 2025, 05:50 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই তরুণীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান।
এর আগে ভোরে গোয়ালন্দ ঘাট থানায় ওই দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় এক জনের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন- কোতয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে মো. রাকিব (২১) ও গণি শেখের পাড়া গ্রামের কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪)।
মামলার বরাতে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল বলেন, ৫ অগাস্ট বিকালে ওই দুই তরুণী বন্ধুর সঙ্গে গোয়ালন্দ গোধূলী পার্কে বেড়াতে যায়। এ সময় ফাঁকা জায়গায় নিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের সেখান থেকে তুলে নিয়ে উজনচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া গ্রামের একটি ধনিচা ক্ষেতের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রাখা হয়। পরে ওই তরুণীরা তাদের অভিভাবকদের ফোন দিলে তারা গিয়ে তাদের উদ্ধার করে।
লোকলজ্জার ভয়ে তিন দিন চুপ থাকলেও শেষ পর্যন্ত শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় এসে এক তরূনীর বাবা মামলা দায়ের করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।