১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাটোরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ওপর হামলা

“খবর পেয়ে পুলিশ ও চেয়ারম্যান প্রার্থী সেখানে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।”

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:43 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

নাটোর সদর উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে সদরের দত্তপাড়া এলাকায় আনারস প্রতীকের প্রার্থী জামিল হোসেন মিলনের সমর্থক মো. শাহিন আলমের ওপর এ হামলা হয় বলে জানান নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।

প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম মাসুমের সমর্থকদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ এসেছে। এ ঘটনায় আনারস প্রতীকের প্রার্থী নাটোর সদর থানা এবং নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, “দত্তপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন মিলনের নির্বাচনি ক্যাম্প করছিলেন তার সমর্থক শাহিন আলম। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন তার ওপর হামলা করে।

“খবর পেয়ে পুলিশ ও চেয়ারম্যান পদপ্রার্থী মিলন সেখানে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।”

পুলিশ কর্মকর্তা বলছেন, “প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম মাসুমের সমর্থক গোলাপসহ দুই সহযোগী এ হামলা চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আনারস প্রতীকের প্রার্থী জামিল হোসেন মিলনের অভিযোগ, “আনারসের ক্যাম্প করতে দেবে না বলে আমার সমর্থকের ওপরে পরিকল্পিত হামলা করছে রিয়াজুল ইসলাম মাসুমের লোকজন। খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওরা পালিয়েছে।”

তিনি বলেন, “এ ঘটনায় নাটোর সদর থানা এবং নির্বাচন কমিশন অফিসে অভিযোগ দায়ের করেছি।“  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াজুল ইসলাম মাসুম বলেন, “ঘটনাটি আমার জানা নাই। খোঁজ নিচ্ছি।”