Published : 28 Feb 2026, 03:27 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে মারামারিতে আহত যুবক দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সলঙ্গা থানার ওসি ইমাম জাফর।
নিহত শাহ আলম (৩৫) উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের যুবকদের মধ্যে মারামারির ঘটনায় তিনি আহত হয়েছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি মেয়েদের উত্ত্যক্ত করতো বলে অভিযোগ আছে।
এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন একাধিকবার তাদের সতর্ক করায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ অবস্থায় বৃহস্পতিবার রাতে উভয় এলাকার যুবকদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে রশিদপুর গ্রামের শাহ আলম গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
এর আগে ওই মারধরের ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে শাহ আলমের মৃত্যুর পর শনিবার দুপুরে স্বজনরা থানায় এসেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।