১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

খুলনায় বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা
ইমরান হোসেন মানিক।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 10:03 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

খুলনার রূপসা উপজেলায় এক যুবককে বাড়ির সামনে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপসার নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে বলে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান।

নিহত ইমরান হোসেন মানিক (৩৮) ওই ইউনিয়নের বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

ওসি মাহফুজুর রহমান বলেন, রাতে ভ্যানে করে মানিক ইলাইপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ভ্যানের গতিরোধ করে খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলির শব্দ পেয়ে স্থানীয়রা রাস্তায় বেরিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, “মানিক স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে রূপসা থানাতেই অন্তত তিনটি মামলা আছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।