Published : 16 Jun 2026, 02:25 PM
হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি ও রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নিহত বেড়ে দুইজন হয়েছে।
সোমবার দুপুর ও সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সংঘর্ষে গুরুতর আহত একজন রাত সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম।
তিনি হলেন, আদিত্যপুর গ্রামের গাবরু মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৭)।
এর আগে সন্ধ্যায় মারা যান একই গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৩)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুই গ্রামের মধ্যবর্তী কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার দুপুরে আদিত্যপুর গ্রামের মিলন ও নাসিরের সঙ্গে আব্দাফৌজদা গ্রামের আব্দুল হাই ও সেলু মিয়া বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
এর মধ্যে গুরুতর আহত সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আহত হেলাল মিয়াকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে কদর আলী, লুৎফুর রহমান, আতাউর রহমান, কুহিনুর মিয়া, জাহিদ মিয়া, রিমন, অলফু মিয়া, খলিল মিয়া, সুহেল মিয়া, হাবিব মিয়া, সিমন ও হান্নান মিয়াসহ আরও অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন বলেন, “সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সেলু মিয়া সন্ধ্যায় এবং হেলাল মিয়া রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।”
এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এরই মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন-