১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাভারে রিকশাচালকদের আধা ঘণ্টার মহাসড়ক অবরোধ

চালকদের অভিযোগ, রিকশা ধরলে সরকারি ফি ২ হাজার ৫০০ টাকা হলেও তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 02:42 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

ঢাকার সাভারে হাইওয়ে পুলিশের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। 

শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজার সামনে এই বিক্ষোভ করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি আরমান আলী। 

এ সময় সড়কের দুইপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। সৃষ্টি হয় তীব্র যানজটের।

বিক্ষুব্ধ রিকশাচালকদের অভিযোগ, ব্যাটারিচালিত রিকশা নিয়ে তারা সড়কে আসলেই হাইওয়ে পুলিশ বাধা দেয়। পুলিশ রিকশা ধরলে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করে। মূলত সরকারি ফি ২ হাজার ৫০০ টাকা কিন্তু পুলিশরা চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। কিন্তু কোনো রশিদও তারা দেয় না। 

এছাড়াও পুলিশ রিকশা চালকদের মারধর করে বলেও অভিযোগ তুলেন আন্দোলনকারীরা। অবিলম্বে পুলিশের এই হয়রানি বন্ধের দাবি জানান তারা। 

পরে সাভার মডেল থানার ওসি আরমান আলী বিক্ষোভকারীদের বিষয়টি নিয়ে আলোচনার করে সমাধানের আশ্বাস দিলে আধাঘণ্টা পর তারা সড়ক থেকে সরে যান।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে সাভার হাইওয়ে পুলিশের ওসি শেখ শাহজাহান বলেন, “মহাসড়কে যে সব রিকশা আটক করা হয় সেগুলোর সরকারি ফি হিসেবে ২ হাজার ৫০০ টাকাই নেওয়া হয় বাড়তি কোনো টাকা নেওয়া হয় না।” 

মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, “রিকশা চালকরা মহাসড়কে যেন চলতে পারে সে কারণে মিথ্যা অপবাদ দিয়ে বিক্ষোভ করেছে। মহাসড়কে উঠলে সড়ক আইন মোতাবেক তাদেরকে জরিমানা করা হবে।”