Published : 17 Oct 2025, 10:02 PM
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউজ’ ঘোষণা দিয়েছে সরকার।
মঙ্গলবার অর্থমন্ত্রণালয় থেকে অনুমোদন করা উপ সচিব হুমায়ুন কবিরের পাঠানো পত্রে এ তথ্য দেওয়া হয়েছে।
এর মাধ্যমে ভোমরা স্থলবন্দর বাংলাদেশের কাস্টমস প্রশাসনিক কাঠামোয় নতুন মর্যাদা অর্জন করল।
আমদানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভাষ্য, এ সিদ্ধান্তের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে এবং রাজস্ব আদায়ে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন সরকারের এ সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছে।
সংগঠনের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা বৃহস্পতিবার রাতে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভোমরাকে কাস্টমস হাউজ ঘোষণার মাধ্যমে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা বহুগুণে বেড়েছে।
তারা সরকারের দূর-দৃষ্টিসম্পন্ন ও সময়োপযোগী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যকেন্দ্র কলকাতার সঙ্গে ভোমরার দূরত্ব অন্যান্য বন্দরের তুলনায় অনেক কম। ফলে ভোমরা এখন দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দরে পরিণত হবে।
বর্তমানে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী, পোশাক, প্রসাধনীসহ নানা পণ্য আমদানি হয়।
অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি হয় কৃষিপণ্য, মাছ ও শিল্পজাত দ্রব্য।