Published : 10 Aug 2026, 12:38 AM
প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের কথা বলেছেন মুণ্ডা নেতারা।
রোববার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় আয়োজতি এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সাতক্ষীরা শহরের কালেক্টরেট চত্বরে সুন্দরবন আদিবাসী মুণ্ডা সংস্থার (শামস) সভাপতি গোপাল মুণ্ডা বলেন, “আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার আজ হুমকির মুখে। জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।”
তিনি আদিবাসীদের অধিকার আদায়ে সবার সহযোগিতা কামনা করেন।
অধিকার, মর্যাদা, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জোরালো দাবিকে সামনে রেখে সাতক্ষীরা জেলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
কর্মসূচির শুরুতে আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।
শোভাযাত্রা শেষে কালেক্টরেট চত্বরে সুন্দরবন আদিবাসী মুণ্ডা সংস্থার (শামস) আয়োজনে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শামস এর সভাপতি গোপাল মুণ্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণ মুণ্ডা।
মূল প্রবন্ধে কৃষ্ণ মুণ্ডা বলেন, “প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের ঐতিহ্য ধরে রাখতে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, “আদিবাসীদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের জাতীয় পরিচয়ের অন্যতম অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।”