২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার

দুই দিন আগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে তারা নিখোঁজ হন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজের দুই দিন পর বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার ভোরে সাগরের কাকমারা দ্বীপ এলাকার আলাদা স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান রাঙ্গাবালী থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

নিহতরা হলেন- মো. শামীম জোমাদ্দার (৪০) ও তার ১১ বছরের ছেলে সিয়াম জোমাদ্দার। তারা উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট বাজার এলাকার বাসিন্দা। 

ওসি সিরাজুল ইসলাম বলেন, বাবা ও ছেলের লাশের সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

এর আগে বুধবার মধ্য রাতে বঙ্গোপসাগরের ‘পাইপ বয়া’ এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ছয় জেলের মধ্যে চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করলেও দুইজন নিখোঁজ ছিলেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- শামীমের বাবা মো. সিদ্দিক জোমাদ্দার (৫৮), মো. শাওন (২৪), মো. রাব্বী (১৮) এবং রাশেদ (২০)।

উদ্ধার হওয়া জেলে শাওন সাংবাদিকদের বলেন, “২১ ডিসেম্বর সকাল ১০টার দিকে চরগঙ্গা বাঁধঘাট এলাকা থেকে ‘এফবি সিদ্দিক’ নামের একটি ট্রলার নিয়ে ছয়জন সাগরে ইলিশ ধরতে বের হই। দুই দিন পর বুধবার রাতে পাইপবয়া এলাকায় ট্রলার নোঙ্গর করে সবাই ঘুমিয়ে পড়ি। 

“গভীর রাতে সাগরে হঠাৎ ঝড় উঠলে ঢেউয়ের তাণ্ডবে ট্রলারের তলা ফেটে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি উল্টে গেলে আমরা সাগরে ভাসতে থাকি। এ সময় আমরা ভাসতে ভাসতে অন্য একটি ট্রলারে আশ্রয় নেই। তবে শামীম ও সিয়ামকে খুঁজে পাওয়া যায়নি।”