১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার

“সন্ধ্যায় স্থানীয় লোকজন সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন,” বলেন নৌ পুলিশ কর্মকর্তা আবুল খায়ের।

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার
সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 09:37 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

খুলনার খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ওই সাংবাদিকের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক বলেন, ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) দৈনিক সংবাদ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, রোববার রাত সোয়া ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

“লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা যায়। ওই সাংবাদিকের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল।”

আবুল খায়ের বলেন, “সন্ধ্যায় স্থানীয় লোকজন সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ির সদস্যরা সেখানে গিয়ে খবর দেন নৌ পুলিশকে। এরপর নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে; পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট।

আবুল খায়ের বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।”

পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে যান।

ওয়াহেদ-উজ-জামান বুলুর সহকর্মীরা জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন ধরে ‘পারিবারিক অশান্তিতে’ ভুগছিলেন; অর্থকষ্টেও ছিলেন।