ভোট উত্তেজনার হলেও আনন্দের: ইসি আলমগীর
মোতায়েনের বিষয়ে তিনি বলেন, “রিটার্নিং অফিসার যখন মনে করবেন, তখনই সেনাবাহিনী আসবে।”
দেশের সব জায়গায় নির্বাচনি পরিবেশ ‘খুব ভালো’ এবং ভোট ‘নির্বিঘ্ন’ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রোববার বিকালে নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, “সব জায়গায় নির্বাচনি পরিবেশ খুব ভাল দেখছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাসায় যেতে পারে এবং শান্তিমত থাকতে পারেন সেজন্য যতরকম প্রচার এবং ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমরা করেছি।”
“ভোট সবসময় উত্তেজনার বিষয় হলেও সেটি আনন্দের। এখন যে অস্থিরতা সেটি আনন্দের, দুর্ভাবনার নয়। খুব শান্তিপূর্ণভাবে ও নিরপেক্ষভাবে নির্বাচন হবে।” যোগ করেন তিনি।
ভোটের দিন সেনা মোতায়েনের বিষয়ে ইসি আলমগীর বলেন, “এ ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। রাষ্টপতি নীতিগতভাবে অনুমোদন দিয়েও দিয়েছেন। এখন রিটার্নিং অফিসার যখন মনে করবেন, তখনই সেনাবাহিনী আসবে।”
