Published : 23 Oct 2024, 07:51 PM
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৈরী আবহাওয়ায় ভোলায় ৮৬৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে মোকাবেলা বুধবার ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা থেকে ডিসি মো. আজাদ জাহান বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাব মোকাবেলায় ইতোমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে।
১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে। গঠন করা হয়েছে আটটি কন্ট্রোল রুম। পাশাপাশি গঠন করা হয়েছে মেডিকেল টিম।
এছাড়া জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
ইতোমধ্যে নদী ও সাগর তীরবর্তী এলাকায় থাকা মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে ভোলা সংলগ্ন মেঘনা ও তেঁতুলিয়া নদী।
ডিসি আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে মজুত রয়েছে ৫৮৪ টন চাল, ৩৫০ প্যাকেট শুকনো খাবার ও নগদ ৯ লাখ টাকার বেশি রয়েছে।
এছাড়া প্রয়োজনে সব ধরনের সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয় এ সভা থেকে।