Published : 14 Feb 2026, 09:18 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে দাহ্য পদার্থ ব্যবহার করা হয় বলে ধারণা পুলিশের।
শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন।
প্রাথমিক তদন্ত ও আলামতের বরাতে ওসি বলেন, জানালার কাচ ভেঙে ‘পেট্রোল বা এ জাতীয় কোনও বস্তু’ ঢেলে আগুন দেওয়া হয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে দুইজনকে চিহ্নিত করা হয়েছে।
রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া বলেন, “কার্যালয়টি নির্মাণের কাজ মাসখানেক আগে শুরু হয়। এক সপ্তাহ আগে নির্মাণকাজ শেষ হয়। শুক্রবার রাত ১২টা পর্যন্ত কার্যালয়টিতে নেতাকর্মীরা ছিলেন। আর ভোরের দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।”
স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়; এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান এ যুবদল নেতা।
“আমরা ধারণা করছি পেট্রোল বোমা মেরেছে। না হলে এভাবে আগুন ছড়িয়ে পড়তো না”, যোগ করেন তিনি।
আগুনের ঘটনার পেছনে বিরোধী পক্ষের কারও হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।
ওসি সবজেল হোসেন বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”