Published : 21 Jun 2024, 01:57 PM
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুটি বাসের সংঘর্ষে দুজন এবং কভার্ডভ্যানে বাসের ধাক্কায় একজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন
শুক্রবার সকালে পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, উপজেলার মাদারহাট এলাকায় আগের রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-মিঠাপুকুর উপজেলার হযরতপুর ইউনিয়নের বৈরাতী এলাকার বাসিন্দা মিন্টু মিয়া।
এ ঘটনায় আহত ১৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি আনোয়ারুল বলেন, “রাত ১২টার দিকে মাদারহাট এলাকায় যাত্রীবাহী বাস হানিফ পরিবহন এবং বেস্টওয়ান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া মারা যায়।
“একই এলাকায় রাত সাড়ে ৩টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানে ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু হয়।”
বড়দরগা হাইওয়ে পুলিশের পরিদর্শক সোলাইমান শেখ বলেন, পীরগঞ্জের দুটি সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।