Published : 09 Jan 2026, 04:56 PM
কুড়িগ্রামে শিশু সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ২০ কিশোর-কিশোরী অংশ নিয়েছে।
শুক্রবার সকালে শহরের কলেজ মোড়ে অবস্থিত ‘দ্যা গ্রাউন্ড অ্যাসেম্বলি হল’ কমিউনিটি সেন্টারের সভাকক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়।
ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করেছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্ত।
এতে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, কুড়িগ্রাম জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন বলেন, “একটি ঘর যেমন চারটি পিলারের ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি একটি রাষ্ট্রও চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম বাকি তিনটি বিভাগকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্রকে সঠিক পথে চলতে সহায়তা করে। তোমরা সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে যাচ্ছ।”

শাহজাহান আলী বলেন, “আমি আমার সন্তানদের ‘আপনি’ বলে সম্বোধন করি। কারণ শিশুদের সম্মান দিলে তারাও সম্মান করতে শেখে। শিশুরা পরিবেশের প্রতিফলন। তাদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে তারাই আমাদের একটি সুন্দর দেশ উপহার দেবে।”
বিকাল ৪টা পর্যন্ত প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় প্রতিনিধিদের পাশাপাশি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইন্টারন্যাশনাল ডেস্কের সহ-সম্পাদক তণুশ্রী বিশ্বাস।

প্রথম দিনে শিশু সাংবাদিকদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, মাঠে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও দলভিত্তিক অনুশীলনের মাধ্যমে শিশুদের সাংবাদিকতার প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে সহায়তা করেন।