১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পরিপত্রে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 04:30 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে শিক্ষক ও অভিভাবকরা।

বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করে পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন সোসাইটি ও শিক্ষক কল্যাণ সংস্থা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন শিক্ষক, অভিভাবকরাও।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্রে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, যা শিশুদের প্রতি স্পষ্ট বৈষম্য।

তারা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এবং সর্বশেষ ২০২২ সালেও এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছিল। অথচ এবার পরীক্ষার সুযোগই দেওয়া হচ্ছে না। এটা শিশুদের মনোবল ভেঙে দেবে।

কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি মো. সোয়েব আলী সবুজ ও সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক জানান, মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে।