১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সরকার ব্যর্থ, দ্রুত ‘লাল কার্ড’ দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 07:34 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

বর্তমান সরকার দেশ পরিচালনায় ‘ব্যর্থ’ বলে মনে করেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর-বিএসএফ গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না- এমন হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন বলেন, “দাবি মানা না হলে দ্রুত সময়ের মধ্যে সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যই আদতে ‘হাওয়া ভবনের মন্ত্রী’ হিসেবে কাজ করছেন।”

তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুতে তিনি বলেন, “নদীতে আমরা পানি চাই এবং যেকোনো মূল্যে তা আদায় করা হবে। পানির জন্য প্রয়োজন হলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধ হতে পারে। কারণ পানি ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে না।

“পানির প্রশ্নে বাংলাদেশে কোনো দল নেই, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি।”

সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “সীমান্তে ভারতীয় বাহিনীর সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে হবে। সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার মত উদ্যোগ নিতে হবে।”

বৃহস্পতিবার ভোরে আমঝোল সীমান্ত এলাকার খরপো নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন স্থানীয় বাসিন্দা খাদিমুল ইসলাম।