Published : 29 Nov 2025, 12:15 PM
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুইপক্ষের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত ১১টার দিকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার এই আদেশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
পরে তার স্বাক্ষরিত আদেশটি ‘ইউএনও আলফাডাঙ্গা’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের পাতায় প্রচার করা হয়।
এ বিষয়ে ইউএনও রাসেল ইকবাল বলেন, “জনসাধারণের জানমালের নিরাপত্তায় ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ জারি করা হয়েছে।”
আদেশ পত্রটিতে এ সময়ে উল্লেখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিম্বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পৌরসদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক সমাবেশের আয়োজন করেছে বিএনপির দুই পক্ষ।
আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাবেশে প্রধান অতিথি থাকার কথা কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর ১ আসনের দলটির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম।
অপরদিকে আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থাকার কথা রয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর।
বিএনপির দুইপক্ষের সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের আইন-শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে খন্দকার নাসিরুল ইসলাম অনুসারী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন, “বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও দলীয় প্রার্থী বিজয়ী করার লক্ষ্যে এক সপ্তাহ আগেই এ সমাবেশের আয়োজনের কথা ঘোষণা করা হয়।
“কিন্তু হঠাৎ করে দেখলাম আমাদের সমাবেশের নির্ধারিত দিনে প্রতিবাদ সমাবেশের জন্য মাইকিং করছে ঝুনু সমর্থকরা। এর জেরে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। এখন আমাদের সমাবেশ করবো কি করবো না, বিষয়টি জেলা কমিটির সঙ্গে কথা বলে জানাতে পারবো।
শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিত আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন বলেন, উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে এবং গত ৭ নভেম্বর বিপ্লবী সংহতি দিবসে উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল।
“তবে যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, সেহেতু আমরা কর্মসূচি সফল করার জন্য মাঠে থাকবো।”