১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য থেকে ৮ জেলে আটক

তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করার খবর জানিয়েছেন বন কর্মকর্তা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা।

বুধবার তাদের সাতক্ষীরার বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ভোরের দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলেন- শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বিশে গাজীর ছেলে আব্দুর সবুর (৩৬), জহুর আলী গাজীর ছেলে আব্দুল আলিম (৪৫), জয়নাল গাজীর ছেলে বুলবুল গাজী (৩৪), শওকত গাজীর ছেলে মতিউর রহমান (২৪), সাইদুর বরকন্দাসের ছেলে মহিবুল্লা বরকন্দাস (২৫), আনিচুর মোল্লার ছেলে আফজাল মোল্লা (২৫), সাহেব খালী গ্রামের আব্বাস আলী মোড়লের ছেলে আনোয়ারুল মোড়ল (৪১) ও নওজের গাজীর ছেলে নুরুজ্জামান গাজী (৩৯)।

ফজলুল হক বলেন, দীর্ঘ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

“তবে আটক বনজীবীরা দুদিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নোটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকার করে।”

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করার খবরও জানান সাতক্ষীরা রেঞ্জের সহকারী এ বন সংরক্ষক।